কমপক্ষে ১০ লাখ ডলারের এফডিআই আনলেই মিলবে ১.২৫% প্রণোদনা
বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। নতুন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) দেশে আনতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ আর্থিক প্রণোদনা দেওয়া হবে। তবে এ সুবিধা পেতে বিনিয়োগের পরিমাণ হতে হবে কমপক্ষে ১০ লাখ মার্কিন ডলার।
এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত গেজেটে নীতিমালাটি জানানো হয়। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগের সম্ভাব্য উৎস খুঁজে বের করা, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং দেশে বিনিয়োগ আনতে ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিকভাবে উৎসাহিত করতে চায় সরকার।
কারা প্রণোদনা পাবেন
নীতিমালা অনুযায়ী, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দেশে আনতে ভূমিকা রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘লিড জেনারেটর’ হিসেবে বিবেচনা করা হবে। কোনো লিড জেনারেটর কমপক্ষে ১০ লাখ ডলারের নতুন ইক্যুইটিভিত্তিক বিদেশি বিনিয়োগ আনতে পারলে ওই বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ প্রণোদনা পাবেন। সে হিসাবে ১০ লাখ ডলারের বিনিয়োগ আনতে পারলে প্রণোদনা মিলবে ১২ হাজার ৫০০ ডলার।
প্রণোদনার যোগ্য হিসেবে রাখা হয়েছে প্রবাসী বাংলাদেশিসহ সব বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে নিবন্ধিত শতভাগ বাংলাদেশি মালিকানাধীন অংশীদারি ও লিমিটেড কোম্পানিকে। আবেদনকারীকে বৈধ জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট এবং ই-টিআইএন থাকতে হবে। পাশাপাশি বিনিয়োগ আনার ক্ষেত্রে কার্যকর ও যাচাইযোগ্য ভূমিকার প্রমাণ দিতে হবে।
কী ধরনের বিনিয়োগের ক্ষেত্রে সুবিধা মিলবে
সব ধরনের বিদেশি বিনিয়োগ এ সুবিধার আওতায় আসবে না। নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, কেবল নতুন ইক্যুইটিভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে এ প্রণোদনা দেওয়া হবে। আগে থেকে দেশে থাকা বিনিয়োগের জন্য কিংবা বিদ্যমান বিনিয়োগকারীর অতিরিক্ত শেয়ার কেনা বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগের ক্ষেত্রে এ সুবিধা পাওয়া যাবে না। তবে বিদ্যমান বিনিয়োগকারী তার চলমান ব্যবসায়িক কার্যক্রমের বাইরে সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করলে তা বিবেচনার সুযোগ রয়েছে।
আবেদন প্রক্রিয়া ও শর্ত
বিনিয়োগ চূড়ান্ত হওয়ার আগেই ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্ধারিত পোর্টালে প্রাক্-নিবন্ধন করতে হবে। প্রাক্-নিবন্ধনের পর আবেদনকারীকে একটি ইউনিক ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ দেওয়া হবে। বিনিয়োগের অর্থ দেশে আসার পর ৩০ দিনের মধ্যে একই পোর্টালে প্রণোদনার জন্য আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে প্রাক্-নিবন্ধনের আইডি, যোগাযোগের যাচাইযোগ্য প্রমাণ, বিনিয়োগকারীর সুপারিশপত্র, হলফনামা, ই-টিআইএন সনদ এবং জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি জমা দিতে হবে। এ ছাড়া ব্যাংকের মাধ্যমে বিনিয়োগের অর্থ আসার প্রমাণ হিসেবে সুইফট কপি এবং অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের এনক্যাশমেন্ট সার্টিফিকেট দিতে হবে। বিনিয়োগ আনতে আবেদনকারীর ভূমিকা কী ছিল, সেটিও বিস্তারিতভাবে তুলে ধরতে হবে।
মূল্যায়ন হবে ১০০ নম্বরে
নীতিমালায় আবেদন মূল্যায়নের জন্য ১০০ নম্বরের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এতে প্রাথমিক যোগ্যতা ও প্রয়োজনীয় দলিলপত্রের জন্য ২৫ নম্বর করে, বিনিয়োগকারীর সুপারিশের জন্য ২০, বিনিয়োগের আকার ও প্রভাবের জন্য ২০ এবং স্বার্থের সংঘাতমুক্ত থাকার জন্য ১০ নম্বর রাখা হয়েছে। প্রণোদনা পেতে আবেদনকারীকে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।
বিনিয়োগের পরিমাণ অনুযায়ীও আলাদা নম্বর নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৫ মিলিয়ন ডলার বিনিয়োগে ৪, ৫ দশমিক ১ থেকে ১০ মিলিয়ন ডলারে ৮, ১০ দশমিক ১ থেকে ২০ মিলিয়ন ডলারে ১২ এবং ২০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে ১৬ নম্বর দেওয়া হবে।
দুই ধাপে প্রণোদনা পরিশোধ
প্রণোদনার অর্থ দুই ধাপে বিতরণ করা হবে। আবেদন অনুমোদন এবং বিনিয়োগের অর্থ দেশে আসা নিশ্চিত হওয়ার পর প্রথম ধাপে মোট প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ পাওয়া যাবে এক বছর পর। তবে এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি অথবা বাণিজ্যিক কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি থাকতে হবে। এ বিষয়ে কার্যনির্বাহী কমিটির সন্তুষ্টির ভিত্তিতে দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় করা হবে।
অর্থের উৎস যাচাই ও জবাবদিহি
প্রণোদনার অপব্যবহার ও অর্থ পাচারের ঝুঁকি ঠেকাতে অর্থের উৎস যাচাইয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, বিনিয়োগের অর্থ নগদে কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে এলে তা গ্রহণযোগ্য হবে না। অর্থের উৎস সুইফট এবং সংশ্লিষ্ট দেশের অর্থ পাচার প্রতিরোধবিষয়ক (এএমএল) বিধিবিধান অনুযায়ী যাচাই করতে হবে।
এ ছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য মিলিয়ে দেখা হবে। বিনিয়োগের অর্থ গ্রহণকারী ব্যাংক হিসাবের সুবিধাভোগী ও আবেদনকারীর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষাও নিশ্চিত করতে হবে।
স্বার্থের সংঘাত এড়াতে কঠোর বিধান
স্বার্থের সংঘাত এড়াতে আবেদনকারীর সঙ্গে বিনিয়োগকারী বা বিনিয়োগ গ্রহণকারী প্রতিষ্ঠানের বিনিয়োগের আগে দুই বছর এবং পরবর্তী দুই বছর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক রাখা যাবে না। ডিজিটাল ব্যাকগ্রাউন্ড যাচাই ও হলফনামার মাধ্যমে বিষয়টি পরীক্ষা করা হবে। এছাড়া বিনিয়োগের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত কোনো কর্মচারী, শেয়ারহোল্ডার বা ঘনিষ্ঠ আত্মীয় প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন না।
পর্যালোচনা ও তহবিল গঠন
প্রণোদনার আবেদন যাচাই ও অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সদস্য হিসেবে থাকবেন। আবেদন যাচাই ও মূল্যায়নের জন্য আলাদা কার্যনির্বাহী কমিটিও থাকবে। তারা প্রয়োজনে বিনিয়োগকারীর সঙ্গে সরাসরি বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করে আবেদনকারীর প্রকৃত ভূমিকা যাচাই করতে পারবে।
নীতিমালায় প্রণোদনার অর্থ ব্যবস্থাপনায় অর্থ বিভাগের জন্য একটি পৃথক ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ গঠনের কথা বলা হয়েছে। আগের বছরের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে অর্থ বিভাগ এ খাতে অর্থ বরাদ্দ করবে। অনুমোদিত ব্যাংকের মাধ্যমে প্রণোদনার অর্থ বিতরণ করা হবে। প্রবাসী বাংলাদেশিরা এ অর্থ দেশের বাইরে স্থানান্তরের সুযোগ পাবেন এবং এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষকে প্রতিবছর প্রণোদনা কার্যক্রমের তথ্য প্রকাশের জন্য ড্যাশবোর্ড তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। এতে মোট আবেদন, অনুমোদন, বিতরণ করা প্রণোদনা, বিনিয়োগের খাত এবং বৈদেশিক বিনিয়োগের অগ্রগতি তুলে ধরতে হবে। নীতিমালাটি প্রতিবছর জাতীয় পর্যালোচনা কমিটিতে পর্যালোচনা করার বিধানও রাখা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
সচেতনতা ও সঠিক তথ্যের জন্য আপনার পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন